ডিসির পর ঢাকার প্রথম নারী এসপি

আপডেট : ০১ মে ২০২৬, ০৬:০১ এএম

ঢাকা জেলার ইতিহাসে প্রথমবারের মতো নারী নেতৃত্বে আসছেন জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)। গতকাল জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন শামীমা পারভীন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শামীমা পারভীন বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম বকুলের সহধর্মিণী। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে খুলনা-৩ আসন থেকে জয়ী হন বকুল। এর আগে গত ২২ এপ্রিল ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পান ফরিদা খানম।

প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন শামীমা পারভীন। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরে কর্মরত ছিলেন।

নবাগত পুলিশ সুপার শামীমা পারভীন নড়াইল জেলার সন্তান। তিনি ২৫তম বিসিএসের মাধ্যমে ২০০৬ সালের ২১ আগস্ট সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি গুরুত্বপূর্ণ একাধিক দায়িত্ব পালন করেছেন এবং আন্তর্জাতিক পর্যায়েও কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি আন্তর্জাতিক নারী পুলিশ অ্যাসোসিয়েশনের (আইএডব্লিউপি) সেন্ট্রাল ও দক্ষিণ এশিয়ার কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২২ দেশের নারী পুলিশের সমন্বয়কের দায়িত্বও সামলেছেন। পাশাপাশি বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত