সাবেক আইজিপির উজ্জ্বল দৃষ্টান্ত

দানের জমিতে শপিং মল ভিকটিম সাপোর্ট সেন্টার

আপডেট : ০১ মে ২০২৬, ০৮:৩৫ এএম

পুলিশের কল্যাণ ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সাবেক আইজিপি ও সচিব তৈয়ব উদ্দীন আহমেদ। নওগাঁ শহরের প্রাণকেন্দ্রে তিনি ও তার সহধর্মিণী মনোয়ারা তৈয়বের দান করা ২৬ কাঠা জমিতে স্থাপিত হচ্ছে ভিকটিম সাপোর্ট সেন্টার।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ভিকটিম সাপোর্ট সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। যেখানে অসহায় শিশু, কিশোর কিংবা নির্যাতিত নারীরা স্বল্প সময়ের জন্য আশ্রয় নিতে পারবেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় উপস্থিত ছিলেন সাবেক আইজিপি তৈয়ব উদ্দীন আহমেদের ছেলে হাইওয়ে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (উপ-মহাপুলিশ পরিদর্শক, প্রশাসন) ইমতিয়াজ আহমেদ বিপিএম পিপিএম, রাজশাহী রেঞ্জের  ডিআইজি (উপ-মহাপুলিশ পরিদর্শক) মোহাম্মদ শাহজাহান পিপিএম, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (রংপুর-বগুড়া রিজিওন) মো. শামস্, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

প্রসঙ্গত ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর শ্যামলীতে নিজ বাসভবনে সাবেক আইজিপি তৈয়ব উদ্দীন আহমেদ আনুষ্ঠানিকভাবে এই জমির দলিল নওগাঁ জেলা পুলিশের কর্মকর্তাদের হাতে হস্তান্তর করেছিলেন।

দানকৃত এই জমিতে ‘বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট’-এর অধীনে একটি আধুনিক শপিং মলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০২১ সালের ৩১ মে। ভার্চুয়ালি প্রকল্পটির উদ্বোধন করেছিলেন তৎকালীন আইজিপি। শপিং মলটি শুধু পুলিশ সদস্যদের সুবিধার্থেই নয়, বরং সাধারণ নওগাঁবাসীর কেনাকাটার জন্যও একটি বড় কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে।

সাবেক আইজিপি তৈয়ব উদ্দিন আহমেদের ছেলে ডিআইজি ইমতিয়াজ আহমেদ বলেন, ‘পুলিশ জনগণের সম্পদ। পুলিশকে সহযোগিতা করা মানে জনগণকে সহযোগিতা করা। এই কনসেপ্ট গ্রহণ করেই আমার বাবা সাবেক আইজিপি তৈয়ব উদ্দীন আহমেদ পুলিশকে ২৬ কাঠা জমি দান করেছেন।’ তিনি বলেন, ‘দানের এই জমিতে শুধু যে পুলিশই উপকৃত হবে তা নয়। এটি থেকে জনগণও উপকৃত হবে।’ কেউ যদি জনগণকে সহায়তা করতে চায়, তাহলে যেন পুলিশকে সহায়তা করে উল্লেখ করে ইমতিয়াজ আহমেদ বলেন, ‘এতে পুলিশ মোটিভেটেট হবে।’

তিনি বলেন, ‘পুলিশ সদস্যরা দিনরাত জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় কাজ করে। আমরা চাই এই ক্ষুদ্র অবদান যেন পুলিশের সেবাকে আরও জনবান্ধব করে তোলে। সরকারের একার পক্ষে সব করা সম্ভব নয়। ব্যক্তিগত জায়গা থেকে পুলিশের কল্যাণে বা সামাজিক উন্নয়নে এগিয়ে এলে একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তোলা সহজ হবে।’

রাজশাহী রেঞ্জের ডিআইজি (উপ-মহাপুলিশ পরিদর্শক) মোহাম্মদ শাহজাহান পিপিএম বলেন, ‘সাবেক আইজিপি মহোদয়ের জনবান্ধব কাজ আরও অনেককে অবদান রাখতে উৎসাহিত করবে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘এ ধরনেরর নিঃস্বার্থ দান বর্তমানে বিরল। সমাজে মানুষের নিরাপত্তা ও পুলিশের সেবামূলক কার্যক্রমকে আরও বেগবান করতে সাবেক আইজিপি মহোদয় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।’ এ অবদান পুলিশের সেবাকে আরও জনবান্ধব করে তুলবে উল্লেখ করে তিনি বলেন, ‘এই জমিটি পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে এবং বিশেষ করে নির্যাতিত নারী ও শিশুদের আশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

জানা গেছে, নওগাঁর সন্তান তৈয়ব উদ্দিন আহমেদ ১৯৬১ সালে পিএসপি কর্মকর্তা হিসেবে পুলিশে যোগ দেন। চাকরি জীবনে দুইবার আইজিপি হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি অবসরে যান।

তার এই জমি দান করা এবং জমিটি জনকল্যাণে ব্যবহারের বিষয়টি স্থানীয় পুলিশ ও এলাকাবাসী প্রশংসা করে বলছেন, এ ধরনের মহৎ উদ্যোগ সাবেক পুলিশ কর্মকর্তাদের মধ্যে বিরল। এ জনহিতকর কাজ বর্তমানে কর্মরত ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের মাঝে উদ্যম সৃষ্টি করবে এবং জনসেবামূলক কাজে নিজেদের আরও বেশি সম্পৃক্ত করতে উৎসাহিত করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত