নেশাগ্রস্ত বাবার হাত থেকে পুলিশের সহায়তায় বাঁচলো স্ত্রী ও সন্তানরা

আপডেট : ০১ মে ২০২৬, ০২:৪৮ পিএম

রাজধানীর ভাটারা এলাকার একটি বাসায় গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রী ও সন্তানদের হত্যা চেষ্টার অভিযোগ মনোয়ার হোসেন অপু (৩৯) নামে একজনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় প্রাণে বেঁচে গেছে স্ত্রী ও দুই সন্তান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ভাটারা এলাকার এক বাসার ছয়তলা ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অপু দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত অবস্থায় বাসায় ফিরে স্ত্রীকে মারধর ও অশান্তি করতেন। ঘটনার রাতে তিনি নেশাগ্রস্ত অবস্থায় বাসায় এসে স্ত্রীকে গালমন্দ শুরু করেন এবং একপর্যায়ে ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন।

অভিযোগে বলা হয়, একপর্যায়ে তিনি স্ত্রীকে মারধর করেন এবং মুখে আঘাত করে রক্তাক্ত করেন। পরে রান্নাঘর থেকে ধারালো দা (চাপাতি) এনে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন। এ সময় প্রাণ ভয়ে স্ত্রী ও দুই কন্যাসন্তান ঘরের ভেতরে আশ্রয় নেয়। পরে পুলিশকে ফোন দিলে ওই বাসা থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়। পরে স্ত্রীর করা মামলায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় এক বাসিন্দা জানান, ঘটনার সময় বাসার ভেতরে ভাঙচুরের বিকট শব্দ শোনা যায়। পরে প্রতিবেশীরা এগিয়ে এলে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলতে বললেও প্রথমে সাড়া পাওয়া যায়নি। পরে দরজা ভাঙার প্রস্তুতি নিলে অভিযুক্ত দরজা খুলে দেন। এ সময় ভীতসন্ত্রস্ত অবস্থায় স্ত্রী ও শিশুদের উদ্ধার করা হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, তা না হলে বড় ধরনের অপরাধ ঘটতে পারত বলে জানিয়েছেন ভবনের বাসিন্দারা।

এ ঘটনায় মনোয়ার হোসেনের স্ত্রী ভাটারা থানায় মামলা করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত কয়েক বছর ধরে তার স্বামী নেশা করে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন এবং ঘটনার সময় তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালান।
ভাটারা থানা পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভবনের বাসিন্দাদের অভিযোগ, এ ধরনের সহিংস আচরণ নতুন নয়। এর আগে একদিন মনোয়ার হোসেন অপু পাঁচতলার এক ফ্ল্যাট মালিককে মারধর করতে উদ্যত হন। অন্য আরেকদিন বাসার দারোয়ানকে বটি দিয়ে কোপানোরও চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ডিএমপির ভাটারা থানার পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, স্ত্রীর করা হত্যা চেষ্টা মামলায় মাদকাসক্ত অপুকে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত