মতলবে লোডশেডিংয়ের সঙ্গে ভেঙে পড়ে মোবাইল নেটওয়ার্ক

আপডেট : ০১ মে ২০২৬, ০৪:২৭ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের সঙ্গে মোবাইল নেটওয়ার্ক ভেঙে পড়ার সমস্যা দিন দিন প্রকট আকার ধারণ করছে। ঘন ঘন লোডশেডিংয়ের সময় আরো তীব্র হয়। 

ছেংগারচর পৌর এলাকার একাধিক বাসিন্দা জানান, বিদ্যুৎ না থাকলে অনেক সময় নেটওয়ার্ক একেবারেই থাকে না। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ডাকতে বা আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বেগ-উৎকণ্ঠায় সময় কাটাতে পুরো এলাকায় মোবাইল নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ে বা অনেক ক্ষেত্রে সম্পূর্ণ অচল হয়ে যায়। এতে করে সাধারণ মানুষের স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।  

স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে কল করা, ইন্টারনেট ব্যবহার করা কিংবা জরুরি বার্তা পাঠানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের সময় এ সমস্যা বেশি হয়।

উপজেলার বিভিন্ন ইউনিয়নেও একই চিত্র, সুজাতপুর বাজারের ব্যবসায়ী মোস্তফা কামাল বলেন, লোডশেডিং হলে কোন নেটওয়ার্ক থাকে না। মোবাইলে জরুরি কোন কাজ করা যায় না। 

ভুক্তভোগীদের দাবি, লোডশেডিং কমানোর পাশাপাশি মোবাইল টাওয়ারগুলোতে উন্নতমানের ব্যাকআপ পাওয়ার (উচ্চক্ষমতার ব্যাটারি ও জেনারেটর) নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পর্যবেক্ষণের মাধ্যমে নেটওয়ার্ক সেবা সচল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত