সড়কে স্বামী-স্ত্রীসহ নিহত ৭, আহত তিন

আপডেট : ০৩ মে ২০২৬, ১২:৫৯ এএম

সোনারগাঁও, ত্রিশাল, নেত্রকোনা, চন্দনাইশ এবং ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ সাতজন নিহত  হয়েছেন। এসব ঘটনায় তিনজন আহত হন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আনারসবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুইজন নিহত হন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বাগান নামক স্থানে যাত্রীবাহী বাসচাপায় সীমা রানী (৪০) নামে এক নারী মারা যান। নেত্রকোনার পূর্বধলা চৌরাস্তায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন। চট্টগ্রামের চন্দনাইশে মিনি পিকআপ-জিপ গাড়ি মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন। অন্যদিকে, ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। দেশ রূপান্তরের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আনারসবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুইজন নিহত হয়েছেন। গত শুক্রবার  দিবাগত রাত আনুমানিক ২টা ১০ মিনিটে উপজেলার মহাসড়কের টিপরদী এলাকায় চৈতি গার্মেন্টসের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বরিশাল জেলার কাজীরহাট থানার আন্দারমানিক এলাকার মৃত সেকান্দার আলী মাঝির ছেলে পিকআপ চালক মোহাম্মদ আলী (৩৫) ও খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গবামারা এলাকার আব্দুল খালেক খলিফার ছেলে আনারসের মালিক ব্যবসায়ী মো. মনির খলিফা (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে আনারসবোঝাই একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২০-১০৯৯) ঢাকা যাচ্ছিল। পথে সোনারগাঁওয়ে টিপরদী এলাকা অতিক্রমকালে সামনে থাকা একটি অজ্ঞাতনামা গাড়ি হঠাৎ ব্রেক করলে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং কেবিনে থাকা চালক ও মালিক গুরুতর আহত হয়ে আটকা পড়েন। আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. শামিম শেখ জানান, দুর্ঘটনায় কবলিত মিনি ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

ত্রিশাল (ময়মনসিংহ) : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বাগান নামক স্থানে যাত্রীবাহী বাসের চাপায় সীমা রানী নামে মানসিক ভারসাম্যহীন এক নারী (৪০) নিহত হয়েছেন। শনিবার সকালে বৃষ্টির সময় ওই নারী মহাসড়ক পারাপারের সময় পা পিছলে সড়কে পড়ে যায়। এ সময় ঢাকাগামী দ্রুত গতির একটি যাত্রবাহী বাসচাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ জানান, নিহত মানসিক ভারসাম্যহীন নারী গত ৬ মার্চ নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ হয়। ওই নারীর নিখোঁজ হয়েছে মর্মে নারায়ণগঞ্জ বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করে। গতকাল শনিবার পিবিআই সদস্যরা মরদেহ শনাক্ত করে। পুলিশ ঘাতক বাসটি আটক করতে পারেনি।

নেত্রকোনা : নেত্রকোনার পূর্বধলা চৌরাস্তায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত রয়েছেন একজন। গতকাল শনিবার সকালে উপজেলার ইলাশপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, পূর্বধলা থানাধীন বড় ইলাশপুর নামক স্থানে দুর্গাপুর হতে ময়মনসিংহগামী একটি বাস ও শ্যামগঞ্জ হতে দুর্গাপুরগামী একটি সিএনজির মুখামুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজির যাত্রী কাল ডোহরের মৃত কাসেম আলীর ছেলে আইনুল হক (৫০) নিহত হন। সিএনজিতে থাকা অন্য যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করে পূর্বধলা হাসপাতালে নেওয়া হলে অজ্ঞাতনামা এক যাত্রী হাসপাতালে মারা যান। এ ছাড়া একজন আহত রয়েছেন।

চন্দনাইশ (চট্টগ্রাম) : চট্টগ্রামের চন্দনাইশে মিনি পিকআপ ও জিপ গাড়ি মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন। গত শুক্রবার  ১ মে দুপুরের দিকে গাছবাড়িয়া-বরকল সড়কে চন্দনাইশ আইডিয়াল স্কুলের পাশে মিজ্জির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে জিপ গাড়ি পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। গুরুতর আহত হন পিকআপ ড্রাইভার ইউনুস (৫৫)। তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন। এ ছাড়া গুরুতর আহতরা হলেন ডাক্তার আশীষ চক্রবর্তী। তার হাত ভেঙে গেছে ও মাথায় সেলাই হয়। অন্য ব্যক্তির পরিচয় জানা যায়নি।

ফরিদপুর : ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। গত শুক্রবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌর এলাকার পরীক্ষিতপুর হ্যাচারির সামনে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন মো. তামিম মিয়া (২০) ও তার স্ত্রী শিমলা খাতুন (১৯)। তামিম মিয়া মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের হাবিবুল ইসলামের ছেলে। তারা ডাক্তার দেখানোর জন্য মোটরসাইকেলে করে ফরিদপুরে যাচ্ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল আরোহী দুইজন বিকাল ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পরীক্ষিতপুরে এলে একটি ট্রলির সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলের দুই আরোহী মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিম মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্য আরোহী শিমলাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহত তামিম-শিমলা দম্পত্তির তিন মাস বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। করিমপুর হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় ট্রলিটি আটক করা হলেও চালক পলাতক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত