কুমিল্লার চৌদ্দগ্রামে সাপের কামড়ে মোহাম্মদ ইমন (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের উত্তর সোনাপুর গ্রামের হারুন মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে নিহত ইমনের বাড়ি সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন প্রায় প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার রাত ১০টায় বাড়ির পাশে একটি কালভার্টের ওপর বসে মোবাইল চালাচ্ছিল। এ সময় বিষাক্ত সাপ এসে তাকে কামড় দেয়। সাপের কামড়কে তেমন গুরুত্ব না দিয়ে নিজের মোবাইল চালানোতেই ব্যস্ত থাকে ইমন। একপর্যায়ে তার শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে পরিবারের লোকজন তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। গত শুক্রবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. বায়েজিদ জানান, রাত ২টায় ইমন নামে সাপে কাটা এক রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার স্বজনরা। তার দেহকে বিষমুক্ত করতে তাৎক্ষণিক অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়।