মালয়েশিয়ায় খুন হওয়া নজরুলের মরদেহ দেশে ফিরেছে

আপডেট : ০৩ মে ২০২৬, ০৭:৫৯ এএম

মালয়েশিয়ায় দুর্বৃত্তদের হাতে নিহত ঝিনাইদহের কালীগঞ্জের যুবক নজরুল ইসলামের (৩২) মরদেহ দেশে আনা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় কালীগঞ্জের গোবরাডাঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে শুক্রবার দিবাগত রাতে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি বিমানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছে। এরপর মরদেহ গ্রামে নিয়ে যাওয়া হলে সেখানে এক শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

মালয়েশিয়ায় ব্যবসায়িক বিরোধের জেরে গত ১৪ এপ্রিল রাতে নজরুলকে কুপিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। একই ঘটনায় কোহিনুর বেগম নামে আরও এক বাংলাদেশিকেও হত্যা করা হয়।

স্বজনরা জানান, গোবরডাঙ্গা গ্রামের মোতালেব হোসেনের ছেলে নজরুল ২০১৮ সালে উন্নত জীবনের আশায় মালয়েশিয়ায় পাড়ি জমান। সেখানে একটি সমন্বিত খামার গড়ে তুলেছিলেন তিনি। খামারে গরু, ছাগল, হাঁস-মুরগির পাশাপাশি বিভিন্ন পোষা প্রাণী লালন-পালন করতেন। তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে স্থানীয় অংশীদাররা তাকে হত্যা করে।

নজরুলের ভাই জহির উদ্দিন বলেন, ‘ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে নজরুলের বিরোধ চলছিল এবং তাকে এর আগেও কয়েকবার হত্যার চেষ্টা করা হয়েছিল। সবকিছু বিক্রি করে গুছিয়ে শিগগির স্থায়ীভাবে দেশে ফেরার কথা ছিল নজরুলের। কিন্তু তার আগেই ভাইকে হত্যা করা হয়েছে।’ কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জেল্লাল হোসেন বলেন, ‘ঘটনাটি বিদেশে হওয়ায় আমাদের কাছে সরাসরি কোনো তথ্য নেই। নিহত নজরুলের বাবা মোতালেব হোসেন ছেলের হত্যাকারীদের বিচার দাবি করে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছেন বলে শুনেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত