ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মোসলেম উদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। গতকাল শনিবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
দলীয় সূত্রে জানা গেছে, মোসলেম উদ্দিন আওয়ামী লীগের প্রার্থী হয়ে ময়মনসিংহ-৬ আসন থেকে ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। জাতীয় সংসদে পাঁচবার সংসদ সদস্য হওয়ার আগে তিনি ১৯৭০ সালের নির্বাচনে গণপরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ১৯৭৮ সাল থেকে টানা ৪৪ বছর সভাপতির দায়িত্ব পালন করেন। ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতিরও তিনি সভাপতি ছিলেন।
মোসলেম উদ্দিন দীর্ঘ রাজনৈতিক জীবনে এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন কর্মকা-ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার আজ (রবিবার) তিন দফায় অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা সকাল ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে, দ্বিতীয় জানাজা দুপুর ৩টায় ফুলবাড়িয়া সরকারি হাইস্কুল মাঠে এবং তৃতীয় জানাজা বিকেল ৫টায় মরহুমের নামে প্রতিষ্ঠিত আলহাজ মো. মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে নিউগী কুশমাইলে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
