ওমর সানীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

আপডেট : ০৩ মে ২০২৬, ০৮:৪০ পিএম

বিয়ের গুঞ্জন নিয়েই আলোচনায় এসেছিলেন চিত্রনায়িকা মৌসুমী ও অভিনেতা-নির্মাতা হাসান জাহাঙ্গীর। পরে জানা যায়, সেটি ছিল তাদের অভিনীত একটি কাজের প্রচারণা। সেই কাজ এবার আলোর মুখ দেখছে। ওয়েব সিরিজ হিসেবে শুটিং হলেও, পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে এটি। এ নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন ছবিটির পরিচালক হাসান জাহাঙ্গীর ও অভিনেত্রী মৌসুমীর স্বামী ওমর সানী। 

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামের ওই সিনেমাটি আগামী ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে ওয়েব সিরিজ হিসেবে এর শুটিং শুরু হয়েছিল। এতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাও করেছেন হাসান জাহাঙ্গীর। তবে ছবি মুক্তির ঘোষণা দিতেই স্বামী ওমর সানীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেন হাসান জাহাঙ্গীর। 

ওমর সানী ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওর একটি অংশে মৌসুমীর অডিও শোনা যায়। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ছিল একটি নাটক, বড় হয়ে যাওয়ায় সেটি টেলিফিল্ম হিসেবে চালানোর কথা জানায়। সেটা কীভাবে সিনেমা হয়ে গেল, বুঝতে পারছি না। ঘটনায় হাসান জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ওমর সানী। 

বিষয়টি নিয়ে আজ (৩ মে) রবিবার সন্ধ্যায় মুঠোফোনে হাসান জাহাঙ্গীর বলেন, ‘মৌসুমীকে চাপ দিয়ে আমার বিরুদ্ধে বক্তব্য নিয়েছেন ওমর সানী। তিনি এই প্রোডাকশনের সঙ্গে জড়িত নন। তিনি এই ছবির বিষয়ে কিছু করতে পারেন না। মৌসুমী ম্যাডাম সিনেমা করেছেন, সরকার, সমিতিসহ সবগুলো পক্ষ অনুমোদন ও অনুমতি দিয়েছে। সবাই হলে গেলে দেখবে এটা সিনেমা না ওয়েব সিরিজ।’ 

হাসান জাহাঙ্গীর আরও বলেন, ‘তিনি প্রমাণ করুক এটা সিনেমা নয়? সব সমিতি আমাকে ফোন করেছিল, আমি তাদের বিস্তারিত জানিয়েছি। সানী ভাই সিনেমা রিলিজের আগে তৃতীয় পক্ষের মাধ্যমে আমার কাছে চাঁদা দাবি করেন। তিনি তার ব্যবস্থা নিক, আমারটা আমি নেবো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার সঙ্গে যোগাযোগ করবে।’ 

হাসান জাহাঙ্গীর আরও বলেন, ‘সানী ভাইয়ের প্রতি আমার যে শ্রদ্ধা ছিল, তা তিনি নষ্ট করলেন। ৩ কোটি টাকা খরচ হয়েছে আমার। তার কারণে যদি কেউ সিনেমাটা না নেয়, আমি তার বিরুদ্ধে ৬ কোটি টাকা মানহানির মামলা করবো। তিনি আমাকে হুমকিও দিচ্ছেন!’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত