সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত নিলুফার চৌধুরী মনির ‘জাকাতের চেয়ে চাঁদাবাজি উত্তম’ বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
রবিবার (৩ মে) সংগঠনের দপ্তর সম্পাদক আফসার মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান সংগঠনের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।
সাজেদুর রহমান বিবৃতিতে বলেন, জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত-যা সমাজে সাম্য, সহমর্মিতা ও দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রাখে। এটা আল্লাহর পবিত্র বিধান। এই পবিত্র বিধানকে কেন্দ্র করে কটূক্তি বা বিদ্রুপ করা গ্রহণযোগ্য নয়। নিলুফার চৌধুরী মনির এমন বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।
তার মতে, মতপ্রকাশের স্বাধীনতা কখনোই ধর্মীয় বিশ্বাস ও ইবাদতকে অবমাননা করার অধিকার দেয় না। এ ধরনের মন্তব্য সমাজে বিভ্রান্তি, বিদ্বেষ ও অশান্তির জন্ম দেয়।
জাকাত নিয়ে সম্মানজনক ভাষা ব্যবহার করা সবার দায়িত্ব জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিকে তার বক্তব্যের জন্য দায়িত্বশীল আচরণ প্রদর্শন করে তা প্রত্যাহার করতে হবে। মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে।
তিনি সবার প্রতি ধর্মীয় বিষয় নিয়ে কথা বলার সময় সংযম, শ্রদ্ধা ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে আলেম সমাজ ও ধর্মপ্রাণ মুসলমানরা মাঠে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন তিনি।
