ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

আপডেট : ০৪ মে ২০২৬, ০৬:১০ এএম

নেত্রকোনার দুর্গাপুরে কিশোরের ছুরিকাঘাতে ওয়াহিদুল ইসলাম কেলিস (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় জড়িত অভিযুক্ত কিশোর গ্যাং সদস্য নূর মোহাম্মদকে (২০) নেত্রকোনা সদর থেকে আটক করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে দুর্গাপুর পৌর শহরের তেরিবাজার এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। নিহত ওয়াহিদুল ইসলাম কেলিস ওই রাতে নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একই এলাকার মজিবর মিয়ার ছেলে নূর মোহাম্মদকে এলাকায় চলাফেরা নিয়ে শাসন করেন ওয়াহিদুল। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তর্কের একপর্যায়ে নূর মোহাম্মদ তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে ওয়াহিদুলের পেটে আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহতের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত নূর মোহাম্মদ এলাকায় ‘কিশোর গ্যাং’ সদস্য হিসেবে পরিচিত ছিল। সে সবসময় হাতে বানানো ধারালো ছুরি ও লাঠিসোঁটা নিয়ে এলাকায় মহড়া দিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত