রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারী মালিক ও চালকদের বিরুদ্ধে ভিডিও মামলার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত আইন অমান্যকারীকে পাঠানো হচ্ছে মামলার নোটিস। তবে নোটিস পাওয়ার পরও সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে হাজির না হলে তাদের বিরুদ্ধে পরে আইনগত প্রক্রিয়া (গ্রেপ্তারি পরোয়ানা) বাস্তবায়নের কার্যক্রম নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। এ বিষয়ে যানবাহন চালকদের সতর্ক করে গতকাল রবিবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
ঢাকায় চলাচলরত সব যানবাহনের মালিক ও চালকদের উদ্দেশে বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজের মাধ্যমে আইন লঙ্ঘন শনাক্ত করে ই-প্রসিকিউশন বা মামলা কার্যক্রম জোরদার করা হয়েছে। নগরীর বিভিন্ন রুটে চলাচলরত রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং, প্রতিবন্ধকতা সৃষ্টি ও ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন ও উন্নত নাগরিক সেবা দেওয়ার লক্ষ্যে এ কার্যক্রম চলছে।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, নোটিস পাওয়ার পরও মালিক বা চালকরা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে হাজির না হলে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া বাস্তবায়নের কার্যক্রম সম্প্রতি নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ার বাইরে সিসি ক্যামেরা বা ভিডিও ফুটেজের মাধ্যমে মামলার জরিমানা পরিশোধ-সংক্রান্ত কোনো ধরনের আর্থিক লেনদেন কিংবা ব্যক্তিগত তথ্য আদান-প্রদান থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দিয়েছে ডিএমপি।
