খিলক্ষেতে ফ্ল্যাটে প্রবাসীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট : ০৪ মে ২০২৬, ০৬:৪১ এএম

রাজধানীর খিলক্ষেতের লেকসিটি কনকর্ড আবাসিক এলাকায় প্রবাসীর রহস্যজনক মৃত্যু হয়েছে। একটি বন্ধ ফ্ল্যাট থেকে ফারুখ কবির বাদল (৬০) নামের ওই ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে একাকী জীবন কাটানো ব্যক্তির এমন পরিণতিতে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত শনিবার বিকেলে লেকসিটির ‘সুরভী’ ভবনের একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফারুখ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার মৃত আব্দুর রশিদের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বাদলের স্ত্রী ও একমাত্র কন্যা স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনিও দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন। প্রায় দুই বছর আগে একা দেশে ফিরেন বাদল। এরপর খিলক্ষেত লেকসিটি প্রজেক্টে একটি ফ্ল্যাট কিনে সেখানে বসবাস শুরু করেন। শনিবার বিকেলে পাশের ফ্ল্যাটের বাসিন্দারা ওই ঘর থেকে পচা দুর্গন্ধ পান। তাছাড়া কয়েক দিন ধরে তাকে বাইরে বের হতে না দেখায় এবং ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা ক্ষিলক্ষেত থানায় খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে দরজা খুলে মেঝেতে বাদলের বিবর্ণ ও অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পচন দেখে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত