আসাম-পুদুচেরিতে বিজেপি, কেরালায় বাম দুর্গের পতন

আপডেট : ০৫ মে ২০২৬, ০৩:৩০ এএম

পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের আসামের বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ের পথে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ১২৬ আসনের বিধানসভার নির্বাচনে ১০২টি আসনে জয় নিয়ে আবারও রাজ্য সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। সরকার গঠনের জন্য আসামের বিধানসভায় ম্যাজিক ফিগার ৬৪। ফলে ২০১৬ সালের পর থেকে রাজ্যটির শাসন ক্ষমতা বিজেপির হাতেই থাকল। এবারের নির্বাচনে এনডিএর প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের নেতৃত্বাধীন জোট পেয়েছে মাত্র ২১টি আসনে। দুটি আসনে জয় পেয়েছে এআইইউডিএফ জোট। নিরঙ্কুশ জয়ের মাধ্যমে আসামে আবারও এনডিএ সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন হিমন্ত বিশ্ব শর্মা। একই চিত্র কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও। অঞ্চলটিতে বিধানসভার ৩০টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট জয় পেয়েছে ১৮টিতে। বিপরীতে কংগ্রেস ৬টিতে এবং অন্যরা ৩টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য সেখানে ১৬টি আসনে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন।

তবে ভারতের রাজনীতিতে বামদের শেষ দুর্গ হিসেবে পরিচিত কেরালায় কংগ্রেসের কাছে হেরে গেছে ক্ষমতাসীন জোট বাম দল কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মার্ক্সিস্ট) নেতৃত্বাধীন এলডিএফ। ভোট গণনা শুরুর দিকে রাজ্যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ এগিয়ে থাকতে দেখা গেছে। ১৪০ আসনের বিধানসভায় সরকার গঠনে ৭১টি আসনে সংখ্যাগরিষ্ঠতার দরকার হয়। সেখানে কংগ্রেস জোট জিতেছে ৮৯টি আসনে। বিপরীতে বাম নেতৃত্বাধীন এলডিএফ ৩৫ আসনে, বিজেপি ৩টি ও অন্যান্য দল ১৩ আসনে জয় পেয়েছে। এবারের নির্বাচনে ক্ষমতাসীন বামদের একরকম ভরাডুবিই হয়েছে। এমনকি বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে তার নিজ এলাকা ধর্মদমে হেরে যাওয়ার শঙ্কায় পড়তে হয়েছিল; অথচ এটিকেই তার দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। যদিও পূর্ণ গণনা শেষে তাকেই বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। এ ছাড়া মন্ত্রী বীণা জর্জ, এমবি রাজেশ, ওআর কেলু, আর বিন্দু, জে চিঞ্চুরানি, পি রাজীব, কেবি গণেশ কুমার, ভিএন বাসবন, ভি শিবনকুট্টি, ভি আবদুরহিমান, একে শশীন্দ্রন এবং রশি অগাস্টিনের মতো বাম নেতারা নিজ নিজ আসনে প্রতিদ্বন্দ্বিতা দেখাতে পারেননি।

রাজ্যটিতে বাম জোট এলডিএফের ভরাডুবির কারণ কী এমন প্রশ্নের জবাবে প্রদেশ কংগ্রেস সভাপতি সানি জোসেফ বলেন, জনবিরোধী নীতি। তবে দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হচ্ছেন, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, সেটা আমরা পরে ঠিক করব। তবে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, রাজ্যটিতে মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার ভি ডি সথীসান; যিনি বর্তমানে বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সথীসান এগিয়ে থাকলেও কে সি ভেনুগোপাল এবং রমেশ চেন্নিথালা মুখ্যমন্ত্রী পদের শক্তিশালী প্রতিযোগী হিসেবে বিবেচিত হচ্ছেন। তবে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব জোট সঙ্গীদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত