৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদের তামিম ইকবালের নেতৃত্বে গঠন করে দেওয়া অ্যাডহক কমিটি তৃতীয় সভায় এসে তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের পথে হাঁটতে শুরু করল। গতকালের সভায় সিদ্ধান্ত হয়েছে নির্বাচন কমিশন গঠনের এবং কাউন্সিলের মনোনয়ন আহ্বানের।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, নির্বাচন আয়োজনের প্রথম পদক্ষেপ হিসেবে শিগগিরই একটি নোটিস জারি করা হবে। বিসিবি সংবিধানের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী, সব বিভাগ থেকে কাউন্সিলর মনোনয়ন আহ্বান করা হবে ওই নোটিসে। বিসিবি নির্বাচনে ক্যাটাগরি ১-এ আছে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো, জেলা প্রশাসকরা এই মনোনয়ন দেন। ক্যাটাগরি ২-এ আছে ঢাকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে খেলা ৭৬ ক্লাব। সবকটি ক্লাব থেকে একজন করে কাউন্সিলর হন। আর ক্যাটাগরি ৩-এ আছে সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থা।
জুনের দ্বিতীয় সপ্তাহে বিসিবি নির্বাচন করতে চাওয়ার কথা আগে জানিয়েছিলেন সভাপতি তামিম। নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে বোর্ড। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে একজন প্রতিনিধি এবং বিসিবি মনোনীত দুজন সদস্য নিয়ে এ কমিশন গঠিত হবে। আমিনুল ইসলামের বিসিবি পরিচালনা পর্ষদ চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক ক্রিকেট সংস্থার যে অ্যাডহক কমিটিগুলো গঠন করেছিল, সেগুলোকে বিলুপ্তির সিদ্ধান্ত নিয়েছে গতকালের সভা।
এ ছাড়া আগামী দুই বছরের জন্য বিসিবির অফিসিয়াল ড্রিংকিং ওয়াটার ও বেভারেজ পার্টনার ‘কোকা-কোলা বাংলাদেশ’কে অনুমোদন দিয়েছে সভা।