খুলনায় রাজু হাওলাদার (৩৮) নামে এক যুবককে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। একটি গুলি তার পেটে বিদ্ধ হয়। গত সোমবার নগরীর লবণচরা থানা এলাকার কোবা মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিষয়টি জানাজানি হয়। এরপর পুলিশ তৎপরতা শুরু করে। উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১২টার দিকে তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা নেওয়ার পথে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে আবারও গুলি চালায়। এ সময় অ্যাম্বুলেন্স চালক মো. ফারুক দ্রুত গাড়িটি কাটাখালী হাইওয়ে থানায় নিয়ে গিয়ে আশ্রয় নেন। পরে হাইওয়ে পুলিশের সহযোগিতায় পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
গুলিবিদ্ধ যুবক রাজু হাওলাদার লবণচরা থানাধীন শিপইয়ার্ড এলাকার ইউনুস হাওলাদারের ছেলে।
অ্যাম্বুলেন্স চালক মো. ফারুক জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর কুদির বটতলা এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা গুলি চালায়। গুলি গাড়িতে লাগলে তিনি দ্রুত থানায় আশ্রয় নেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম বলেন, ‘লবণচরা এলাকায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তবে ঠিক কোথায় ও কখন তার ওপর হামলা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তার বিরুদ্ধে কয়েকটি মামলার তথ্য পেয়েছি আমরা।’
