বরিশালে বাসের ধাক্কায় দাদি-নাতনি নিহত

আপডেট : ০৬ মে ২০২৬, ১২:৩৩ এএম

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় পথচারী দাদি ও নাতনি নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উজিরপুর উপজেলার পশ্চিম জয়শ্রী কাজীবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন পশ্চিম জয়শ্রী গ্রামের মৃত পান্নু কাজীর স্ত্রী রোকসানা ইয়াসমিন (৬৫) ও তার নাতনি আরফা (৭)।

স্থানীয়রা জানান, বাড়ির সামনের মহাসড়ক পারাপার হওয়ার সময় বরিশাল থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের বাসের চাপায় তারা ঘটনাস্থলেই প্রাণ হারান।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মহসীন হোসেন জানান, হানিফ পরিবহনের একটি বাস বরিশাল থেকে বেপরোয়া গতিতে ঢাকার দিকে যাচ্ছিল। পশ্চিম জয়শ্রী কাজীবাড়ি এলাকা অতিক্রমের সময় বাসটি দাদি ও নাতনিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। চালক বাসটি নিয়ে দ্রুত পালিয়ে যান। সেটি আটকের চেষ্টা করছে পুলিশ।

এ ব্যাপারে জানতে চাইলে উজিরপুর মডেল থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। নিহত দুজনের মরাদেহ উদ্ধার করে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত