নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা-বাবাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে পারভেজ খান (২৫) নামে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমান এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত পারভেজ খান উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনাইরচর এলাকার মোশারফ খানের ছেলে। পরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, পারভেজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই বাবা-মা ও পরিবারের অন্য সদস্যদের মারধর এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন। গত ৩০ এপ্রিল একই অভিযোগে তার বাবা-মা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।
মঙ্গলবার সকালেও মাদকের টাকার জন্য তিনি বাবা-মাকে মারধর করেন ও ঘর ভাঙচুর করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
