৪২ বছরের পুরোনো নিষ্কাশন মেশিনের অধিকাংশই অচল: প্রতিমন্ত্রী

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০২:৫৫ পিএম

৪২ বছর আগে পানি নিষ্কাশনের জন্য জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) উদ্যোগে স্থাপন করা মেশিনগুলো নগরায়ণ ও অবকাঠামোগত উন্নয়নের কারণে অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

মঙ্গলবার (১১ আগস্ট) দিনব্যাপী রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া, ভুলতা ও আশপাশের বিভিন্ন এলাকায় নারায়ণগঞ্জ-নরসিংদী অগ্রণী সেচ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বাস্তবতার নিরিখে এখন আর রূপগঞ্জে সেই সেচ অবস্থা নেই। এখন আমাদের অবকাঠামোহ উন্নয়নসহ নানা কারণে রূপগঞ্জের অনেক জায়গা এখন ঢাকা শহরের মধ্যে চলে এসেছে। এ কারণে সেচের প্রকল্প আর সেচের জায়গায় নেই। এখানে ৭৪১টার মতো ইন্ডাস্ট্রি রয়েছে। এলাকায় যদি জলাবদ্ধতা সৃষ্টি হয় তাহলে এর প্রভাব সাধারণ মানুষের মাঝেই পড়বে। আমি দায়িত্ব নেওয়ার পরে লোক দেখানো কোনো কাজ করিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন আমরা সরকার গঠন করলে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও নদী খনন করা হবে। অনেক জায়গায় খালের উপর ইন্ডাস্ট্রিজ ঘরবাড়ি তোলা হয়েছে সেগুলো আমরা উচ্ছেদ করেছি। জনগণ পানি সম্পদ মন্ত্রণালয়কে সহযোগিতা করলে যতো প্রভাবশালী হোক না কেন তা উচ্ছেদ করে খাল খনন করা হবে। 

সড়ক পথে যে যানজট সৃষ্টি হয় খাল খনন করলে নৌপথে ও সাধারণ মানুষ চলাচল করতে পারবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয়, তারাবো পৌর বিএনপি'র সহ-সভাপতি আব্দুল মতিন ভুইয়া, যুবদল নেতা মামুন ভুঁইয়াসহ আরো অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত