বন্যহাতির আক্রমণে নিহত আদিবাসী যুবক

আপডেট : ০৭ মে ২০২৬, ০২:৩৪ এএম

নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে বন্যহাতির আক্রমণে প্রান্ত রাংসা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার ভবানীপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত প্রান্ত রাংসা (২২) ওই গ্রামের বাসিন্দা লিপসন নকরেকের ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে খাবারের সন্ধানে একটি বন্য হাতির পাল লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় প্রান্ত রাংসা বাড়ির দিকে ফিরছিলেন। তখন হঠাৎ তার সামনে হাতির দল পড়ে যায়। হাতির দল দেখে তিনি দৌড় দিলে একটি হাতি ক্ষিপ্ত হয়ে তার ওপর আক্রমণ চালায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গ্রামবাসী জানান, সীমান্তবর্তী এই এলাকায় প্রায়ই বন্য হাতির উপদ্রব দেখা যায়। বিশেষ করে ধানকাটার মৌসুমে হাতির পাল লোকালয়ে প্রবেশ করে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

দুর্গাপুর রেঞ্জ কর্মকর্তা মজনু প্রামাণিক জানান, আমরা ইতিমধ্যে খোঁজখবর নিয়েছি। নতুন করে আরও যেন কোনো দুর্ঘটনা না ঘটে সে দিকেও আমাদের নজর রয়েছে। মূলত প্রতি বছর এই সময় ভারতের গহিন জঙ্গল থেকে বুনো হাতের পাল সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ ছাড়াও নিহত পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে সহায়তা দেওয়ার জন্য কার্যক্রম শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত