ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সন্দেহজনক হাম ও গুরুতর নিউমোনিয়ায় আক্রান্ত ৯ মাস বয়সী এক শিশু মারা গেছে। ওই শিশু ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটি গত ২ মে সকালে হাসপাতালে ভর্তি হয় এবং চিকিৎসাধীন অবস্থায় ৬ মে সকাল সাড়ে ১১টায় মারা যায়।
বৃহস্পতিবার (৭ মে) সকালে হাসপাতালের হামের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্র জানায়, হাম আক্রান্ত রোগীর চাপ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জন রোগী ভর্তি হয়েছে। একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯ জন। এছাড়া একজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে হাম আক্রান্ত মোট ৯৪ জন রোগী ভর্তি রয়েছেন।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি শুরু হলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব ইরানের বিবেচনায় আছে 