মধ্যপ্রাচ্যকে ঘিরে চলমান অচলাবস্থার অবসান হতে যাচ্ছে। বিশেষ করে ইরান যুদ্ধের অবসানে একটি স্থায়ী চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানা গেছে। এই প্রেক্ষিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে ফোনালাপ হয়েছে। আরাগচির অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানা গেছে। আরাগচি বলেছেন, ফোনালাপে তাঁরা ‘সংলাপ ও কূটনীতি’ অব্যাহত রাখার পাশাপাশি আঞ্চলিক রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ এমন সময়ে হলো যখন যুদ্ধ শেষ করার জন্য নতুন মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে সম্ভাব্য চুক্তি সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছে।
এদিকে ইরান যুদ্ধের অবসানে স্থায়ী চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের দেওয়া ১৪ দফার একটি সমঝোতা স্মারক (এমওইউ) এখন পর্যালোচনা করছে তেহরান। সবশেষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সব ঠিক থাকলে এক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সমঝোতা হতে পারে। তবে দুই দেশের অবস্থান, দাবিদাওয়ার ভিন্নতা এবং আঞ্চলিক সমীকরণ এখনো চুক্তির পথে বড় বাধা। চুক্তিতে রাজি না বলে তীব্র বোমাবর্ষণ বলে ট্রাম্প হুমকি দিয়ে রেখেছেন।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, ইরান নিজেই এখন চুক্তিতে আসতে আগ্রহী। তাদের সঙ্গে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার ফক্স নিউজের সাংবাদিক ব্রেট বায়ার এক লাইভ অনুষ্ঠানে জানান, ইরানের সঙ্গে এক সপ্তাহের মধ্যেই একটি সমঝোতা বা চুক্তি সম্পন্ন হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
