প্রথমবারের মতো প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৯:৫৮ পিএম

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। আগামী রবিবার (৯ আগস্ট) এক দিনের সফরে কক্সবাজার ও চট্টগ্রাম যাবেন তিনি। এ সময় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনের পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, ৯ আগস্ট সকাল ৯টায় মহেশখালীর মাতারবাড়ীতে পৌঁছাবেন তারেক রহমান। সেখানে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন তিনি।

দুপুর ১২টার দিকে হেলিকপ্টারে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকত এলাকায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে অংশ নেবেন। এ সময় ত্রাণ বিতরণের পাশাপাশি ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়ার কথা রয়েছে।

এরপর ফটিকছড়িতে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। পরে হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে মরহুম আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন।

হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণের জন্য প্রতিটি পরিবারকে ১ লাখ টাকা করে অনুদান দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি ১৫ জন প্রতিবন্ধীকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

সফরের শেষ পর্যায়ে সন্ধ্যায় চট্টগ্রাম নগরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন তারেক রহমান। সভায় বিএনপি ও ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতারা অংশ নেবেন। দলের দীর্ঘদিনের কিছু জ্যেষ্ঠ নেতাকেও আমন্ত্রণ জানানো হবে।

দলীয় নেতারা বলছেন, প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার চট্টগ্রামে এসে তৃণমূলের নেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের উদ্যোগ নেওয়ায় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। সভায় দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা এবং তৃণমূলের নেতাদের বক্তব্য শোনার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রাম বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যেও ব্যাপক প্রস্তুতি চলছে। প্রশাসনের পক্ষ থেকেও সফর নির্বিঘ্ন করতে প্রস্তুতি নেওয়া হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সুন্দরভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পুরো দল কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে প্রস্তুতি নিচ্ছে।

সফরসূচি অনুযায়ী, রাত ৯টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছাড়বেন প্রধানমন্ত্রী।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত