মুক্তি পেল সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘সর্দারবাড়ির খেলা’। আজ থেকে ঢাকাসহ দেশের ২৩টি প্রেক্ষাগৃহে দেখা যাবে রাখাল সবুজ পরিচালিত এ সিনেমা। লোকজ সংস্কৃতির ঐতিহ্য লাঠিখেলা নিয়ে তৈরি হয়েছে সর্দারবাড়ির খেলা। পর্দায় উঠে এসেছে বাংলার লাঠিয়ালদের সংগ্রামী জীবনের কাহিনী।
সিনেমাটিতে এতে জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী। সিনেমাটি মুক্তি দেওয়ার ঘোষণা এসেছিল গত বছরের রোজার ঈদে। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা। অবশেষে আজ সারা দেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল সর্দারবাড়ির খেলা। সিনেমাটিতে কোনো ধরনের প্রচারে দেখা যায়নি অভিনেতা রোশান ও বুবলীকে।
এ বিষয়ে রোশান জানিয়েছেন, এখনো এই সিনেমার পুরো পারিশ্রমিক বুঝে পাননি তিনি। এ ছাড়া সিনেমা মুক্তি নিয়ে তার সঙ্গে কোনো আলোচনা বা পরিকল্পনাও করেননি নির্মাতারা। এসব কারণে প্রচার থেকে বিরত ছিলেন তিনি। তবে সিনেমাটির প্রশংসা করেছেন অভিনেতা। অন্যদিকে বুবলীর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
গত মার্চ মাস থেকেই আড়ালে রয়েছেন এই অভিনেত্রী। গুঞ্জন আছে দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন বুবলী। তাই কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি।
রোশান-বুবলী ছাড়াও এ সিনেমার বিভিন্ন চরিত্রে রয়েছেন শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, আশিক রহমান লিয়ন, উইলিয়াম, সাঈদ হাসান রাজা ও ব্যঞ্জন জামানসহ অনেকে। কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আনন জামান।
প্রসঙ্গত, ২০২২-২৩ অর্থবছরে ‘পুলসিরাত’ নামে সরকারি অনুদান পায় সিনেমাটি। পরে প্রিভিউ কমিটির পরামর্শে নাম পরিবর্তন করে রাখা হয়েছে সর্দারবাড়ির খেলা। শেষে এই নামেই সেন্সর সার্টিফিকেট লাভ করে।
কাল লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি