টাঙ্গাইলে অবৈধভাবে মাটি কাটায় ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ১৩ মে ২০২৬, ১০:৩৩ পিএম

টাঙ্গাইলের বাসাইলে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১৩ মে) বিকেলে বাসাইল পৌরসভার ১ নং ওয়ার্ড মাইজখাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাসাইল পৌরসভার ১ নং ওয়ার্ডের মাইজখাড়া এলাকায় ফসিল জমি থেকে বেশ কিছুদিন ধরে ভেকু দিয়ে অসাধু ব্যক্তি অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল।

এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭ (ক) ধারা লঙ্ঘনে ১টি মামলায় উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া গ্রামের মৃত লেবু মিয়ার ছেলে আনিসুর রহমান বাহাদুর (৪২) কে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা বলেন, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত