ভোলায় আলজেরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময়

আপডেট : ১৪ মে ২০২৬, ০৬:৪৫ পিএম

ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি বলেছেন, ১৯৭১ সালের স্বাধীনতার সময় থেকেই বাংলাদেশের সঙ্গে আলজেরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কৃষি, সার ও জ্বালানি খাতে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় দেশ। তাই ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী আলজেরিয়া।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ভোলা সার্কিট হাউজের হলরুমে ভোলা চেম্বার অব কমার্স আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় রাষ্ট্রদূত বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় হবে। অতীতের মতো ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে আলজেরিয়া। তিনি জানান, বাংলাদেশি নাগরিকদের জন্য আলজেরিয়ার দূতাবাস থেকে দ্রুত সময়ের মধ্যে ভিসা প্রদান করা হবে।

ভোলা পরিদর্শন শেষে তিনি বলেন, ভোলা একটি সুন্দর ও সম্ভাবনাময় জেলা। এখানে কৃষি, সার কারখানা ও জ্বালানি খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সার কারখানা স্থাপনে আলজেরিয়া বিনিয়োগ করতে আগ্রহী বলেও জানান তিনি।

সভায় অংশগ্রহণকারীরা বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ সম্ভাবনা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, এ মতবিনিময় সভা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ব্যবসায়িক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চেম্বার অব কমার্সের সহসভাপতি হুমায়ুন কবির সোপানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও ভোলা চেম্বার অব কমার্সের সভাপতি গোলাম নবী আলমগীর। এ সময় আরও বক্তব্য রাখেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুল্লাহ আল মামুন, চেম্বার অব কমার্সের পরিচালক আমিনুল ইসলাম খান, মো. রাইসুল আলম, তরিকুল ইসলাম কায়েদ ও মো. সোহেল প্রমুখ। এছাড়া সভায় ভোলার ব্যবসায়ী নেতৃবৃন্দ, উদ্যোক্তা ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত