বাগান বিলাস ফুলে সেজে উঠবে খুলনার প্রবেশদ্বার

আপডেট : ১৫ মে ২০২৬, ০৮:৪৪ এএম

খুলনা মহানগরীর অন্যতম প্রবেশদ্বার জিরো পয়েন্টের চারটি আইল্যান্ড বাহারি বাগান বিলাস ফুলে সেজে উঠবে। ঈদুল আজহার আগেই আইল্যান্ডগুলোতে বিভিন্ন প্রজাতির বাগান বিলাস ফুলের গাছ রোপণ করা হবে। মহানগরীর সৌন্দর্য বাড়াতে এবং পথচারী ও যাত্রীদের মুগ্ধ করতে খুলনা সড়ক ও জনপথ বিভাগ এই উদ্যোগ নিয়েছে।

খুলনা সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, ‘ভৌগোলিক কারণে জিরো পয়েন্ট খুলনা মহানগরীর অন্যতম প্রধান প্রবেশদ্বার ও একটি গুরুত্বপূর্ণ ট্রাফিক ইন্টরসেকশন। জিরো পয়েন্টটি চারটি গুরুত্বপূর্ণ মহাসড়ক-সিটি বাইপাস মহাসড়ক, খুলনা-চুকনগর-সাতক্ষীরা মহাসড়ক, খুলনা-ফুলতলা মহাসড়ক এবং রূপসা সেতুর অ্যাপ্রোচ মহাসড়ককে সংযুক্ত করেছে। প্রতিনিয়ত এ সংযোগ সড়কগুলো দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করে। স্বাভাবিক কারণেই জিরো পয়েন্টে যাত্রীদের সমাগম বেশি থাকে। এই চার মহাসড়কের সংযোগস্থলের চারটি আইল্যান্ডে ২৫টি করে ১০০টি বাগান বিলাস ফুলের গাছ রোপণ করা হবে। এর জন্য প্রায় ৩ লাখ টাকা রবাদ্দ করা হয়েছে। এই উদ্যোগটি জিরো পয়েন্টকে আরও পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে তুলবে। খুলনার সৌন্দর্য পিপাসুদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। নগরীর সৌন্দর্য বর্ধনে সড়ক বিভাগ এই উদ্যোগ নিয়েছে।’

খুলনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানিমুল হক জানিয়েছেন, ‘সরকারের বৃক্ষ রোপণের মহাপরিকল্পনার অংশ হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, আমরা যশোরের উন্নত মানের নার্সারি থেকে বিভিন্ন প্রজাতির বাহারি বাগান বিলাস ফুলের চারা আনার সিদ্ধান্ত নিয়েছি। ঈদের আগেই এই ফুলের চারা রোপণ করা হবে।’

খুলনা সড়ক ও জনপথ বিভাগের উপপ্রকৌশলী সাগর সৈকত মণ্ডল বলেন, ‘সড়ক বিভাগের হাত ধরে খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে সৌন্দর্য বর্ধনের কাজ করা হচ্ছে। তারই অংশ হিসেবে জিরো পয়েন্টের আইল্যান্ডে বাগান বিলাস ফুলের গাছ লাগানো হবে। ইতিমধ্যে আমরা খুলনার ময়লাপোতা থেকে ১৮ মাইল পর্যন্ত সড়কের সংস্কার এবং বেতগ্রাম থেকে কয়রা পর্যন্ত ৬৫ কিলোমিটার সড়কের বাঁক সরলীকরণসহ সংস্কার করেছি। ভবিষ্যতে সড়ক বিভাগ আরও উন্নয়নমূলক কাজ করবে।’

খুলনা সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘খুলনা সড়ক ও জনপথ বিভাগ জিরো পয়েন্টের আইল্যান্ডে বাগান বিলাস ফুলের গাছ লাগানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত