ব্যাংক ম্যানেজারকে হাতুরি পেটে, টাকার বিনিময় মুক্তি

আপডেট : ১৫ মে ২০২৬, ০২:৫৯ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ কৃষি ব্যাংকের এক শাখার ম্যানেজারকে অপহরণে হাতুরি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। মুক্তিপণের পর তাকে মুক্ত করে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে কালিয়াকৈরের চন্দ্র নবীনগর মহাসড়কের কবিপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এর আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকা থেকে তাকে অপহরণ করে দুর্বত্তরা।

আহত আব্দুস সবুর বগুড়া সদর সোলাইমন আলীর ছেলে । তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের কালিয়াকৈর কৃষি ব্যাংক শাখার ম্যানেজার পদে দায়িত্বরত আছেন।

কৃষি ব্যাংকের বরাতে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ওই ব্যাংক কর্মকর্তা আব্দুস সবুর অফিস শেষে নিজ গ্রামের বাড়ি যাওয়ান উদ্দেশ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়েকর কালিয়াকৈর বাইপাস এলাকায় বগুড়াগামী বাসের জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ তার পাশে সাদা রংয়ের একটি মাইক্রোবাস দাঁড়ায় এবং কিছু বুঝে উঠার আগেই তারা তাকে জোর করে  তুলে নেয়। এরপর তারাও দ্রুত মাইক্রোবাসে উঠে টাঙ্গাইলের দিকে চলে যায়। পরে তার মুখ-চোখ ও হাত-পা বেঁধে তাকে হাতুরি দিয়ে বেদম মারধর করে। এসময় তারা ওই ব্যাংক কর্মকর্তার কাছে থাকা ৬ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তারা মোটা অংকের টাকা মুক্তিপণ দাবি করলে নগদ অ্যাকাউন্টের মাধ্যমে পরিচিত ব্যক্তিদের কাছ এক লাখ টাকা নিয়ে দেন। পরে রাত আনুমানিক ১০টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের কবিরপুর এলাকায় মুখ-চোখ ও হাত-পা বাঁধা অবস্থায় চলন্ত মাইক্রোবাস থেকে ফেলে রেখে পালিয়ে যায় অপহরণকারীরা। পরে মুখ-চোখ ও হাত-পা বাঁধা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসী।

এঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপহরণকারীদের শনাক্ত ও তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান ওসি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত