চন্দনাইশে এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন সহস্রাধিক নেতাকর্মী। শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার মক্কা পেট্রোল পাম্প চত্বরে এ উপলক্ষ্যে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের (চন্দনাইশ- সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ বলেন, একসময় গর্ব করে কর্ণেল অলি বলতেন, বিএনপিতে তিনি থাকলে বিএনপি হিরো, না থাকলে বিএনপি জিরো।
সংসদ সদস্য বলেন, এলডিপি থেকে বিএনপিতে যোগদানকৃত নেতাকর্মীরা যোগদান করে বর্তমানে এটাই প্রমানিত করেছেন চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনে বিএনপি হিরো, কর্ণেল অলি জিরো। তিনি যোগদান করা নেতাকর্মীদের নিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান। তিনি নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম এ হাশেম রাজু, সিরাজুল ইসলাম সওদাগর, আবদুল মাবুদ,আবদুর রউফ, সিরাজুল ইসলাম প্রমুখ। নতুন যোগদানকারীরা বিএনপির আগামী কর্মসূচিগুলো বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার করেন।
উক্ত অনুষ্ঠানে উপজেলা এলডিপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আলী, সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবু ইউছুফ, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আকতার আলম, পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. মহিউদ্দিন, হাশিমপুর ইউনিয়ন এলডিপির সভাপতি নজরুল ইসলাম আব্দুল, কেন্দ্রীয় কমিটির গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শাহরিয়া ইমরান, কেন্দ্রীয় কমিটির গণতান্ত্রিক শ্রমিক দলের সহ-সভাপতি মঞ্জুর আলম, সাবেক পৌরসভার গণতান্ত্রিক ছাত্রদলের আহ্বায়ক নাজিম উদ্দীনসহ সহস্রাধিক নেতাকর্মী যোগদান করেন।
