দেশের জনপ্রিয় তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ সহকর্মী ও ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও অনুরাগী ছাড়াও বন্ধু, স্বজন, সংস্কৃতি অঙ্গন, এমনকি ক্রীড়াজগতের পরিচিত মুখরাও তার আকস্মিক চলে যাওয়ায় শোক প্রকাশ করেছেন। সবাই ভেবেছিলেন, চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরবেন তিনি। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। সিনিয়র অভিনেতা তারিক আনাম খান বলেন, আমাদের সুন্দর একটি আগামী হারিয়ে গেল। একসঙ্গে থেকে আলাদা হয়ে গেল। খুব অল্প সময়ের জন্য আমাদের দেখা, অল্প কথা, একটাই কাজ ‘একসাথে আলাদা’। অত্যন্ত আধুনিক একটা ভাবনার গল্প।
দুটি মানুষ কাছে থেকে কষ্ট পাওয়ার থেকে আলাদা হয়ে বন্ধু হয়ে থাকা যায় কি না, তারই এক আলেখ্য, কমেডির আবরণে। কারিনার কমেডির দিকে ঝোঁক বেশি, কমেডির জন্য সিচুয়েশন, অ্যাকশন লাইন, সংলাপ খুব গুরুত্বপূর্ণ, এটা ও জানত।
নাটক ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে লিখেছেন, মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন হলে কারিনা কখনো দ্বিধা করতেন না। তার ভাষায়, ‘বাংলাদেশ তোমাকে মনে রাখবে। নাটক ৩৬-২৪-৩৬ নাটকে একসঙ্গে কাজের সময় কারিনার সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় তৈরি হয়। প্রথমবার বাসায় দেখা করতে এসে কারিনা তার ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে ছবি তুলতে চেয়েছিলেন বলেও জানান ফারুকী। সে সময় কারিনা বলেছিলেন, তিনি তাদের ভক্ত। জবাবে তারা বলেন, ‘আমরাও তোমার ফ্যান।’
তরুণ অভিনেত্রী তাসনিয়া ফারিণ নিজের ফেসবুক পেইজে শোক প্রকাশ করে লিখেছেন, ‘তার মধ্যে এক অন্যরকম আলো ছিল। কোনো ঘরে ঢুকলেই তার ইতিবাচক ও হাস্যোজ্জ্বল উপস্থিতি সবার নজর কাড়ত। শান্তিতে ঘুমাও কারিনা। এই পৃথিবী তোমার যোগ্য ছিল না।’
অভিনেত্রী সাদিয়া আয়মান কারিনার সঙ্গে মেসেঞ্জারে কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ‘কারিনা আপু মাত্র এক মাস আগে তুমি আমাকে ভয়েস মেসেজ পাঠিয়ে আমার কাজের প্রশংসা করেছিলে। ভাবতেও পারিনি সেটাই আমাদের শেষ কথা হবে। তুমি সত্যিকারের একজন ভালো মানুষ ছিলে। আল্লাহ তোমাকে জান্নাত নসিব করুন।’ কনটেন্ট ক্রিয়েটর শামস আফরোজ চৌধুরী লিখেছেন, ‘আমি খবরটা পেয়ে পাগলের মতো কান্না করছি। কারিনাকে আর দেখব না।’ উপস্থাপক দীপ্তি চৌধুরী কারিনার সঙ্গে একটি ছবি শেয়ার করে আক্ষেপ নিয়ে লিখেছেন, ‘দেখা হবে অন্য ভুবনে যেখানে মানুষ কারও মারণব্যাধি নিয়ে উল্লাস করে না। রেস্ট ইন পিস কারিনা আপু।’
এছাড়া পরিচালক রেদওয়ান রনি, চিত্রনায়িকা দীঘি, সহকর্মী ইনফ্লুয়েন্সার ডানা ভাই জোস, সংগীতশিল্পী মিনার রহমান, সাদিয়া আয়মান, পরিসা ইভানা, মাকসুদা মাসু, নাজিফা তুষি, ইমতিয়াজ বর্ষণ, খিজির হায়াত খান, আরিক আনাম খান, তাসনুভা তিশা এবং উপস্থাপিকা নীল হুরের জাহান-সহ আরও অনেকে সামাজিক মাধ্যমে শোক জানিয়েছেন।
