‘এটি অস্কারের চেয়েও বড়’

আপডেট : ১৭ মে ২০২৬, ০৭:৪০ এএম

হলিউড তারকা জন ট্রাভোল্টা একজন দক্ষ পাইলট। ৯ হাজার ঘণ্টার বেশি সময় ফ্লাইট পরিচালনার অভিজ্ঞতা আছে তার। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আট ঘণ্টা উড়োজাহাজ চালিয়ে ফ্রান্সের দক্ষিণে কান শহরে অবতরণ করলেন তিনি। ভূমধ্যসাগরের তীরে পৌঁছাতেই তাকে চমকে দিলেন কান চলচ্চিত্র উৎসবের আয়োজকরা। নিজের পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের আগে সম্মানসূচক স্বর্ণপাম পেয়েছেন তিনি। আবেগাপ্লুত হওয়ায় চোখের কোণে জল জমে গিয়েছিল তার। তিনি বললেন, ‘এটি অস্কারের চেয়েও বড়।’

নিউজিল্যান্ডের পরিচালক পিটার জ্যাকসন উদ্বোধনী আয়োজনে এবং আমেরিকান অভিনেত্রী-গায়িকা বারব্রা স্ট্রাইস্যান্ড সমাপনী অনুষ্ঠানে আজীবন সম্মাননার সমতুল্য সম্মানসূচক স্বর্ণপাম পাবেন, এমন ঘোষণা দিয়ে রেখেছিলেন কান চলচ্চিত্র উৎসবের আয়োজকরা। জন ট্রাভোল্টার স্বর্ণপাম পাওয়া তাই বড় একটি চমক। যদিও গত কয়েকটি আসরে প্রতিবার অন্তত একজনকে চমক হিসেবে এই সম্মাননা প্রদান করেছেন আয়োজকরা।

শুক্রবার রাতে ফ্রান্সের দক্ষিণে পালে দে ফেস্টিভ্যাল ভবনের দ্যুবুসি থিয়েটারে জন ট্রাভোল্টার হাতে স্বর্ণপাম তুলে দেন কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমোঁ। বাবার এই অর্জন সামনে থেকে দেখেছেন মেয়ে এলা ব্লু ট্রাভোল্টা। তিনি একই বিমানে চড়ে কানে এসেছেন। ইনস্টাগ্রামে জন ট্রাভোল্টার একটি পোস্টে জানা যায়, নিজেই আকাশযানটি চালিয়ে কানে পৌঁছেছেন।

বার অস্কারের জন্য মনোনীত জন ট্রাভোল্টা আবেগঘন কণ্ঠে ফরাসি ভাষায় বলেছেন, ‘পুরোপুরি বিস্ময়!’ তখন করতালিতে মুখর হয়ে ওঠে পুরো দ্যুবুসি থিয়েটার। তিনি বললেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না! এটি একেবারেই আমার প্রত্যাশার বাইরে ছিল।’

থিয়েরি ফ্রেমোঁর দিকে তাকিয়ে জন ট্রাভোল্টা বললেন, ‘আপনি বলেছিলেন এটা বিশেষ একটি রাত হবে, কিন্তু জানতাম না এর অর্থ এত বড় কিছু।’ জবাবে ফ্রেমোঁ হেসে বললেন, ‘আমরা জানতাম!’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত