দেশের স্বার্থ ক্ষুন্ন করে বর্তমান সরকার কোনো চুক্তি করবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার ঐতিহাসিক ‘ফারাক্কা লংমার্চ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ আলোচনা সভা হয়।
বিএনপি মহাসচিব বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে কি না, তা ফারাক্কা চুক্তি সম্পাদনের মধ্য দিয়েই নির্ভর করবে। সরকার সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখবে।’ তিনি বলেন, ‘চলতি বছর মেয়াদ শেষে ফারাক্কা চুক্তি নবায়নে ভারতকে এগিয়ে আসতে হবে। তবে বাংলাদেশের স্বার্থ পুরোপুরি রক্ষা করেই এ চুক্তি নবায়ন করা হবে।’
পদ্মা ব্যারাজ নির্মাণের সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের জনগণের অভিপ্রায় ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ফারাক্কা ইস্যুর সমাধানে আলোচনা ও চুক্তি হতে হবে।’ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চলছে মন্তব্য করে করে তিনি বলেন, ‘একটি গোষ্ঠীর কয়েকজন নেতা বিভিন্নভাবে এ সরকারের বিরুদ্ধে কথা বলছেন এবং অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। কিন্তু বাংলাদেশের যেসব মানুষ বুকের রক্ত দিয়ে গণতন্ত্র অর্জন করেছেন, তারা কখনোই এখানে কোনো চক্রান্তকে মাথা তুলে দাঁড়াতে দেবেন না।’ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।
