আসন্ন আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে (আইবিও) বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য চূড়ান্ত দল গঠন এবং তাদের নিবিড় প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড (বিডিবিও) ও ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) উদ্যোগে বায়োক্যাম্প ২০২৬ গতকাল শনিবার সমাপ্ত হয়েছে। দেশব্যাপী অনুষ্ঠিত আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী ২০ মেধাবী শিক্ষার্থীকে নিয়ে চার দিনের এই বিশেষ আবাসিক ক্যাম্পের আয়োজন করা হয়। এতে এনআইবির বিজ্ঞানী ও গবেষক এবং জীববিজ্ঞান বিশেষজ্ঞদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় ক্ষেত্রেই শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া হয়।
গতকাল বায়োক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে এনআইবি মহাপরিচালক ড. মো. ছগীর আহমেদ, বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক প্রফেসর ড. তারিক আরাফাত, বিডিবিওর সভাপতিমণ্ডলীর সদস্য প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কু-ু এবং বিডিবিওর অলিম্পিয়াড কোচ ডা. সৌমিত্র চক্রবর্তী উপস্থিত ছিলেন।
এবারের বায়োক্যাম্পের প্রধান আকর্ষণ ও বিশেষত্ব হচ্ছে অলিম্পিয়াডের চলমান সংস্কার ও আধুনিকায়নের অংশ হিসেবে ক্যাম্পে প্রচলিত পদ্ধতির পাশাপাশি আরও উদ্ভাবনী প্রশিক্ষণ পদ্ধতি অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষার্থীরা যাতে বিশ্বমঞ্চে উন্নত দেশের প্রতিযোগীদের সঙ্গে যেকোনো ধরনের বিশ্লেষণী ও ল্যাবরেটরি চ্যালেঞ্জ আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করতে পারে। মাস্টার ক্যাম্পার হিসেবে নির্বাচিত হয়েছেন ১০ জন। তারা হচ্ছেন নাশওয়ান হক মাহির, সাবিল ইসলাম, দিবস তালুকদার, মোহাম্মদ সাইফান হায়দার, নওশীন শাকিরীন, ইসরাত জেরিন ফারিয়া, রক্তিম চক্রবর্তী, মো. ইয়াসিন, আবু মাহজুরাহ আয়মান ও আহনাফ দাইয়ান। তাদের সঙ্গে যোগ দেন আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫ এ বাংলাদেশের হয়ে পদকজয়ী ফারাবীদ বিন ফয়সাল। এরা ৫ ঘণ্টাব্যাপী ব্যবহারিক ও তত্ত্বীয় জীববিজ্ঞান বিষয়ে উচ্চতর প্রতিযোগিতায় অংশ নেন। এখান থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হবেন বাংলাদেশ জীববিজ্ঞান দলের চারজন প্রতিযোগী। তারা লিথুয়ানিয়ায় ১২-১৯ জুলাই অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের পতাকাবাহী হয়ে বিশ্বের আশিটির বেশি দেশের প্রতিযোগীদের সঙ্গে মেধার লড়াইয়ে শামিল হবেন।
