উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা তার বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গজল গেয়েছেন। উর্দু গজলের পাশাপাশি তিনি বর্তমানে বাংলা গজলও গাইছেন। তবে এই শিল্পীর সঙ্গে প্রথমবার বাংলা গজল গাইলেন দেশের আরেক নন্দিত সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। ‘অনায়াসে’ শিরোনামের এই গজলটির কথা লিখেছেন গালিব হাসান এবং সুর ও সংগীত করেছেন বাপ্পা নিজেই। যদিও শুরুতে এটি এককভাবে গাওয়ার কথা ছিল রুনা লায়লার, পরবর্তী সময় ইচ্ছা করেই বাপ্পা মজুমদারকে সঙ্গী করেছেন তিনি। ‘অনায়াসে’ বাপ্পা মজুমদার ও গালিব হাসানের ‘অনুভবে’ অ্যালবামের প্রথম বাংলা গজল।
গত শনিবার রাত ৯টায় বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় গজলটি। এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন বাপ্পা মজুমদার নিজেই। গজলটি প্রকাশ উপলক্ষে সেদিন সন্ধ্যার পর রাজধানীর বনানীর একটি ক্লাবে প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকাশনা অনুষ্ঠানের উপস্থাপনা করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা সোমনূর মনির কোনাল। অনুষ্ঠানের শুরুতে গীতিকার গালিব হাসান ‘অনায়াসে’ বাংলা গজলটি নিয়ে কিছু কথা বলেন। এরপর বাপ্পা মজুমদার বলেন, ‘বাংলা এই গজলটি মূলত রুনা ম্যামের একারই গাওয়ার কথা ছিল। কিন্তু গজলটি শোনার পর তিনিই আমাকে তার সঙ্গে গাইতে বলেন। এটা যে আমার জন্য কতটা আনন্দের এবং ভালোলাগার একটা বিষয় ছিল, তা আসলে ব্যাখ্যা করে বোঝাতে পারব না। কারণ সারাজীবন আমরা তার গান শুনে এসেছি, গান শুনে শুনে বড় হয়েছি। সেই গুণী শিল্পী আমার সুর-সংগীতে গান করবেন এই পর্যন্তই আমার কাছে অনেক বড় পাওয়া ছিল। কিন্তু শেষ পর্যন্ত তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গাইব এবং গেয়েছি এটা আমার কাছে এখনো সত্যিই স্বপ্নের মতোই মনে হচ্ছে। আমি ভীষণ আবেগাপ্লুত এবং কৃতজ্ঞ। রুনা ম্যাম আমাকে তার সঙ্গে রেখে আশীর্বাদের ছায়াতলে যেভাবে টেনে নিলেন তা আমার আজীবন সংগীতের চলার পথের পাথেয় হয়ে থাকবে।’
এরপর রুনা লায়লা তার বক্তব্যে বলেন, ‘এই বাংলা গজলটি সত্যিই অপূর্ব লেখা, অপূর্ব সুর করা এবং বাপ্পা আমার ভীষণ প্রিয় একজন শিল্পী, সংগীত পরিচালক। আর তার বাবা-মা যে কত বড় শিল্পী ছিলেন তা আমরা সবাই জানি। তাদের শ্রদ্ধা জানাই। বাপ্পা তার বা মায়ের নাম আরও উজ্জ্বল করছে এবং সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। আরেকটি কথা না বললেই নয়, কাজের ব্যাপারে ভীষণ খুঁত খুঁতে এটা খুব ভালো একটা দিক। একটি কাজ পারফেক্ট করার ক্ষেত্রে একজন সংগীত পরিচালককে এমনই হতে হয়। অনেক শুভ কামনা রইল বাপ্পা ও তার পরিবারের জন্য। ধন্যবাদ গালিব হাসানকেও এত সুন্দর কথার জন্য। আশা করছি অনায়াসে সবারই ভালো লাগবে।’
উল্লেখ্য, রুনা লায়লা গত ৪ মে দিল্লিতে অনুষ্ঠিত ১৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মিনার-ই-দিল্লি’ অ্যাওয়ার্ডে ভূষিত হন। আগামী ঈদে বিটিভির ‘আনন্দ মেলা’য় গান গাইতে দেখা যাবে তাকে।
