জাতীয় গ্রন্থকেন্দ্রে ফের পরিচালক পদে আফসানা বেগম

আপডেট : ১৮ মে ২০২৬, ০২:১৬ এএম

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে আবার নিয়োগ পেয়েছেন কথাসাহিত্যিক আফসানা বেগম। গত ১৪ মে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল রবিবার বিষয়টি জানা যায়। গত  জানুয়ারিতে আফসানা বেগমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে তখনকার  অন্তর্বর্তী সরকার। ওই সময় তার স্থলে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে কবি, প্রবন্ধকার এএইচএম সাখাওয়াত উল্লাহকে (সাখাওয়াত টিপু) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া  হয়েছিল।

সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের সেপ্টেম্বরে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ পান আফসানা বেগম। তখন এই নিয়োগের প্রজ্ঞাপন অনুযায়ী, তার মেয়াদ ছিল দুই বছর। কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তার নিয়োগ বাতিল করা হয়েছিল। তার নিয়োগ বাতিলে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার ভূমিকা নিয়ে আলোচনা হয়। এই পদে আবার নিয়োগ পেলেন আফসানা বেগম। এবার তাকে এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এই নিয়োগ দেওয়া হলো। নিয়োগের অন্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত