রাবি শিক্ষার্থীকে পিটিয়ে জখম

আপডেট : ১৮ মে ২০২৬, ০২:১৯ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রড দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক অটোচালকের বিরুদ্ধে। শাকিল দেওয়ান নামের ওই শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়রা অটোচালককে আটক করে পুলিশের কাছে দিয়েছেন।

গত শনিবার রাত ৮টার দিকে নগরীর ভদ্রা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরে নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করেছেন শাকিল দেওয়ান। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র। অটোচালকের নাম আশিকুল ইসলাম (৪৩)। তিনি কাটাখালী থানার কাপাসিয়া এলাকার আজিজুল সরকারের ছেলে এবং বর্তমানে বোয়ালিয়া থানাধীন হেতেমখাঁ কলাবাগান এলাকায় বসবাস করেন।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘বাগবিত-ার জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর একটি মামলা গ্রহণ করেছি। শনিবার রাত থেকেই অটোচালক আমাদের হেফাজতে আছে। আজই (রবিবার) তাকে আদালতে পাঠানো হবে।’

শিক্ষার্থী শাকিল বলেন, ‘আমি সাইকেল নিয়ে টিউশনিতে যাচ্ছিলাম। ভদ্রা মোড়ে পৌঁছালে এক অটোচালক পেছন থেকে আমাকে উদ্দেশ করে বলেন, ‘এত আস্তে কেউ সাইকেল চালায়?’ একই সঙ্গে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমি এ আচরণের প্রতিবাদ জানালে তিনি ক্ষিপ্ত হয়ে রড দিয়ে আমার মাথায় আঘাত করেন।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনাটি জানার পরপরই শিক্ষার্থীর চিকিৎসা নিশ্চিত করতে আমরা দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করি। পাশাপাশি অভিযুক্ত অটোরিকশাচালক যেন পালিয়ে যেতে না পারে, সে জন্য বোয়ালিয়া থানার ওসির সঙ্গে কথা বলে দ্রুত পুলিশি পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই রাস্তায় শিক্ষার্থীরা প্রায়ই হেনস্তা ও ছিনতাইয়ের শিকার হচ্ছে। তাই তাদের নিরাপদ চলাচল ও সার্বিক নিরাপত্তা জোরদারে আমরা আজই (রবিবার) পুলিশ কমিশনারকে চিঠি দিচ্ছি এবং উপাচার্যের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত