ঠিকাদারকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ১৮ মে ২০২৬, ০২:২০ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পাওনা টাকা চাওয়ায় নুরুউদ্দিন হাওলাদার নামে এক ঠিকাদারকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। জখমের তিন দিন পর গতকাল রবিবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার মেঘনা নিউ টাউন আবাসিক এলাকায় তাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত নুরুউদ্দিন ভোলা জেলার মালেরহাট গ্রামের সেলিম হাওলাদারের ছেলে। নিহতের স্ত্রী মাইমুনা আক্তার সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা  করেন।

মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে গঙ্গানগর এলাকার আব্দুর রবের বাড়ির ঠিকাদারি কাজ করেন নুরুউদ্দিন। কাজ শেষ হলেও পাওনা টাকা পরিশোধ না করে উল্টো তাকে হুমকি দিয়ে আসছিলেন ভবনের মালিক আব্দুর রব ও তার দুই ছেলে। গত বৃহস্পতিবার বিকেলে তাকে আব্দুর রব ও তার দুই ছেলে হৃদয় ও শুভ ভবনের বাকি অংশের কাজ করে দেওয়ার জন্য বলেন। এ সময় নূরউদ্দিন পাওনা টাকা পরিশোধের জন্য বললে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা গুরুতর আহত নূরউদ্দিনকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার বলেন, ‘ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত