জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য (ভিসি) হাসিবুর রশিদকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গতকাল রবিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনালে হাসিবুর রশিদকে হাজির করা হয়। শুনানি নিয়ে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। গত শনিবার রাতে মোহাম্মদপুর থেকে হাসিবুর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ।
২০২৪ সালের ১৬ জুলাই গণআন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা হয় গত ৯ এপ্রিল। রায়ে দুজনকে মৃত্যুদ- ও ২৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ-াদেশ দেয় ট্রাইব্যুনাল-২। হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদ- দেয় আদালত। মামলার শুরু থেকেই তিনি পলাতক ছিলেন।
