কারিনা কায়সারের মরদেহ ঢাকায় আজ দাফন

আপডেট : ১৮ মে ২০২৬, ০২:২১ এএম

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ দেশে এসেছে। তাকে বহনকারী বিমানটি গতকাল রবিবার বিকেল ৪টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ৫টা ২০ মিনিটে মরদেহ গ্রহণ করেন তার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

গতকাল মাগরিবের নামাজের পর রাজধানীর বনানীর ডিওএইচএস মাঠে কারিনার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। জানাজা শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘কারিনা কায়সার আমাদের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা। তিনি অসুস্থ অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুতে সারা দেশ শোকাহত। আমরা সবাই শোক প্রকাশ করছি এবং মহান আল্লাহ তায়ালার কাছে তার মাগফিরাত কামনা করছি।’

প্রথম জানাজার পর বাদ এশা বনানী দরবার শরিফে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাত ১০টায় সর্বস্তরের শ্রদ্ধা জানানোর জন্য কারিনার মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। আজ সোমবার সকালে ফজরের পর মুন্সীগঞ্জের আবদুল্লাহপুরে তাকে দাফন করা হবে।

লিভার-সংক্রান্ত জটিলতায় গত কয়েকদিন ধরে সংকটাপন্ন অবস্থায় ছিলেন কারিনা। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত