ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমদ। তিনি অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি হলেন ডিএমপির ৪০তম কমিশনার। গতকাল রবিবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে ১৬ মার্চ সিআইডিপ্রধান হিসেবে নিয়োগ পান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার অবসরে গেলে বৃহস্পতিবার রাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন নজরুল ইসলাম অতিরিক্ত দায়িত্ব পান। এর দুই দিনের মাথায় নতুন পুলিশ কর্মকর্তা পেল ডিএমপি।
সিআইডিতে নিয়োগ পাওয়ার আগে তিনি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) যুগ্ম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। কুষ্টিয়া, ভোলা ও শেরপুরসহ একাধিক জেলায় পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন মোসলেহ উদ্দিন। পেশাগত জীবনে জাতিসংঘের আফ্রিকান ইউনিয়ন-ইউনাইটেড নেশনস হাইব্রিড অপারেশন ইন দারফুর-এ পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
পুলিশের এই চৌকস অফিসার ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। পুলিশ সপ্তাহের শেষ দিনে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন তিনি।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ২৫ ফেব্রুয়ারি পদত্যাগ করলে অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের ২৪ অক্টোবর অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতির আগে ডিআইজি (সদর দপ্তরে) কর্মরত ছিলেন মোসলেহ উদ্দিন আহমদ।
