নৌ প্রতিমন্ত্রীর নির্দেশে ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ

আপডেট : ২২ মে ২০২৬, ০৫:৫৩ পিএম

নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান সম্প্রতি বিভিন্ন দপ্তরে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়ম ও অবহেলা দেখে ব্যবস্থা নিয়েছেন। অনুপস্থিতি ও দেরিতে অফিসে আসার অভিযোগে ১৬ কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে।

শুক্রবার (২২ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিমন্ত্রী সম্প্রতি বরিশাল ও ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যালয়ে হঠাৎ পরিদর্শনে যান। এ সময় তিনি বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে পূর্বানুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত পান। এ ছাড়া অনেককে নির্ধারিত অফিস সময়ের পর দেরিতে আসতে দেখা যায়।

অবহেলা ও শৃঙ্খলাভঙ্গের ঘটনায় অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশনার পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল কার্যালয়ের ড্রেজিং বিভাগ থেকে ৯ জন, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ থেকে ২ জন, বন্দর ও পরিবহন বিভাগ থেকে ১ জন এবং হিসাব বিভাগ থেকে ১ জনসহ মোট ১৩ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ করে।

এ ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরও তিন কর্মকর্তা-কর্মচারীকে একই কারণে তাৎক্ষণিক বদলি করেছে।

প্রতিমন্ত্রী সব কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি সরকারি দপ্তরে শৃঙ্খলা, জবাবদিহিতা ও সেবার মান নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত