জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালনের সিদ্ধান্ত ব্যাংক কর্মচারী ফেডারেশনের

আপডেট : ২২ মে ২০২৬, ০৬:৪৭ পিএম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী দেশব্যাপী যথাযোগ্য মর্যাদা ও ঐক্যবদ্ধভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক কর্মচারী ফেডারেশন। গত ২০ মে রাজধানীতে রূপালী ব্যাংক কর্মচারী সংঘের কার্যালয়ে অনুষ্ঠিত ফেডারেশনের এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ ব্যাংক কর্মচারী ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসাইন। 

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার। এ ছাড়া রূপালী ব্যাংক কর্মচারী সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দেশের ১৫টি ব্যাংকের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় অংশ নেন।

সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘মহান স্বাধীনতার ঘোষক’ ও ‘বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা’ হিসেবে উল্লেখ করে তার শাহাদাতবার্ষিকীর কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

ফেডারেশনের যৌথ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনা সভায় শুধু শাহাদাতবার্ষিকীর প্রস্তুতিই নয়, দেশের ব্যাংকিং খাতের সার্বিক পরিস্থিতি, কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া এবং চলমান সমস্যাসমূহ নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

এ সময় বক্তারা ব্যাংকিং খাতের বিদ্যমান সংকট এবং কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবিগুলো দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারা এ বিষয়ে ব্যাংক ফেডারেশন ও শ্রমিক দলের নেতৃত্বের কার্যকর মধ্যস্থতা ও হস্তক্ষেপ কামনা করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে রূপালী ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি মো. নূরুল হক সরদার (নিরু) এবং সাধারণ সম্পাদক হোসেন আহমেদের যৌথ স্বাক্ষর রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত