ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

আপডেট : ২৩ মে ২০২৬, ০৭:৪৭ এএম

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপ করা হয়েছে। গতকাল শুক্রবার জেলা শহরের পুরনো কালেক্টরেট মসজিদে জুমার নামাজ শেষে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদের সঙ্গে কথা বলে বের হওয়ার পর এ হামলা হয়। এ ঘটনায় ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। তবে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল এ অভিযোগ অস্বীকার করেছেন।’

এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আটজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। গতকাল রাতে ঝিনাইদহ সদর থানায় হওয়া মামলায় অজ্ঞাতনামা আরও শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এনসিপি নেতা তারেক রেজা বাদী হয়ে এ মামলা করেন। ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোকুল চন্দ্র অধিকারী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বিকেল থেকে সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করতে ঝিনাইদহ সদর থানায় অবস্থান করেন নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপি নেতাকর্মীরা। থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও পুলিশ তা গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন নাসীরুদ্দীন পাটোয়ারী। ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি অভিযোগ, ‘বিচারের আশায় থানায় এসেছি, কিন্তু মামলা গ্রহণ করা হচ্ছে না।’

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর মসজিদের সামনে কিছু উচ্ছৃঙ্খল যুবক এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা করে। তাদের হাতে লাঠিসোঁটা ছিল। হামলার পর সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন।

ঝিনাইদহ এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বলেন, ‘মসজিদও আমাদের জন্য নিরাপদ নয়। তাহলে দেশটা কার কাছে নিরাপদ।’ এনসিপির মুখ্য সংগঠক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, ‘আইনমন্ত্রীর নির্দেশে হামলা করা হয়েছে। ইনশা আল্লাহ আইনমন্ত্রীর বিচার একদিন করব আমরা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত