নানা আইনি জটিলতা পেরিয়ে চট্টগ্রামের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন আজ। আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে ভোট শুরুর মাত্র ১৬ ঘণ্টা আগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল। তারা এ নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নগরীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের প্যানেল লিডার এসএম নুরুল হক এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে চেম্বারের নির্বাচন প্রক্রিয়া, সময় নির্ধারণ এবং আদালতসংশ্লিষ্ট জটিলতা নিয়ে বিস্তৃত অভিযোগ তুলে ধরা হয়।
চেম্বার সূত্র জানায়, চেম্বার নির্বাচন বোর্ডের দেওয়া তারিখ অনুযায়ী আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন চেম্বার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক মনোয়ারা বেগম।
