রাসুল (সা.)-এর আদর্শে নতুন প্রজন্ম গঠনে এমসি ইনস্টিটিউট ফ্রান্সের ব্যতিক্রমী আয়োজন

আপডেট : ২৪ মে ২০২৬, ১০:৪৭ পিএম

ফ্রান্সে বেড়ে ওঠা প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোরদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে এমসি ইনস্টিটিউট ফ্রান্সের উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীভিত্তিক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) বিকেলে প্যারিসের অদূরে ওবেয়ারভিলিয়ে এলাকায় প্রতিষ্ঠানটির দ্বিতীয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয়, সামাজিক ও শিক্ষামূলক আবহে মিলিত হন প্রবাসী কমিউনিটির নানা শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে অংশ নেন শিক্ষাবিদ, আলেম-ওলামা, সাংবাদিক, অভিভাবক, সামাজিক সংগঠক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। শিশুদের অংশগ্রহণ, অভিভাবকদের উপস্থিতি এবং ইসলামী মূল্যবোধভিত্তিক আলোচনা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বদরুল বিন হারুনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ও আলোচকরা বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তি ও সংস্কৃতিগত পরিবর্তনের ভেতর দিয়ে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধে শিক্ষিত করা সময়ের বড় চ্যালেঞ্জ। এ বাস্তবতায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ শিশুদের সামনে তুলে ধরা অত্যন্ত জরুরি।

এ সময় বক্তারা বলেন, রাসুল (সা.)-এর শিক্ষা কেবল ধর্মীয় অনুশাসনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা মানবতা, সহনশীলতা, ন্যায়বিচার ও পারস্পরিক শ্রদ্ধাবোধের শিক্ষা দেয়। একটি সুস্থ, সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে তাঁর আদর্শ অনুসরণের বিকল্প নেই।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কমিউনিটি ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আল মোমীন আহমেদ শরীফ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরাকানী (মামুন), ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন  সমন্বয়ক ও প্রতিষ্ঠানের উপদেষ্টা মোহাম্মদ মাহবুব হোসাইন, স্থানীয় কাউন্সিলর কৌশিক রব্বানী, ব্যবসায়ী তানজিম হোসেন, সহ-সভাপতি লুৎফর রহমানসহ আরও অনেকে।  এছাড়া বিভিন্ন অভিভাবক ও শিক্ষানুরাগীরাও তাদের অনুভূতি ব্যক্ত করেন।

এ সময় তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা শিশুদের বাংলা ভাষা, সংস্কৃতি ও ধর্মীয় শিক্ষার সঙ্গে যুক্ত রাখতে পরিবার ও সামাজিক প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এমসি ইনস্টিটিউট ফ্রান্স এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার গ্রহণের সময় শিশুদের উচ্ছ্বাস এবং অভিভাবকদের আনন্দঘন উপস্থিতিতে পুরো মিলনায়তনে উৎসবের আমেজ তৈরি হয়। অনুষ্ঠান শেষে আয়োজকরা উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে শিক্ষা ও সামাজিক কার্যক্রম আরও সম্প্রসারণে সবার সহযোগিতা কামনা করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত