রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যাকান্ডের মামলায় গ্রেপ্তার সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। গতকাল রবিবার মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান এ অভিযোগপত্র দাখিল করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারের জন্য বদলির আদেশ দেন। ঢাকার শিশু ধর্ষণ ট্র্যাইবুনালের বিচারক মাসরুর সালেকীন অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য ১ জুন দিন ধার্য করেছেন। অভিযোগপত্রে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যা এবং স্বপ্নার বিরুদ্ধে হত্যায় সহায়তার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।
আলোচিত এ মামলায় আসামিপক্ষে মামলা পরিচালনার জন্য ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহকে আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে গত শনিবার রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্নের উদ্দেশ্যে অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুকে বিশেষ পিপি নিয়োগ দেয় সরকার। এদিকে বিশেষ আদালত বসিয়ে পাঁচ থেকে সাত দিনের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ করা হবে বলে গতকাল জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আদালতে দাখিল করা অভিযোগপত্রে বলা হয়, গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে ঘর থেকে বের হলে আসামি স্বপ্না আক্তার তাকে কৌশলে নিজের ফ্ল্যাটের একটি কক্ষে নিয়ে যান। সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে গিয়ে একপর্যায়ে আসামির কক্ষের সামনে তার জুতা দেখতে পান রামিসার মা। ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে রামিসার বাবা-মা ও ভবনের অন্য বাসিন্দারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে তারা আসামির শয়নকক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং তার মাথা কক্ষের ভেতরে একটি বড় বালতির মধ্যে দেখতে পান।
এ সময় সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার জানান, তার স্বামী রামিসাকে বাথরুমে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে এবং গলা কেটে হত্যা করেছে। প্রধান আসামি সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, যেখানে তিনি রামিসাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন। এ ছাড়া, এ হত্যাকান্ডে ও মরদেহ গুমের চেষ্টায় সহায়তার অভিযোগে স্বপ্নাকেও অভিযুক্ত করা হয়েছে। ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টের পাশাপাশি ডিএনএ টেস্টের রিপোর্ট থেকে রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে, যা অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এজন্য নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ও ৩০ ধারা এবং দন্ডবিধির ৩০২ ও ২০১ ধারায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে অভিযুক্ত করা হয়েছে। মামলায় ১৫ জনকে সাক্ষী করা হয়েছে।
অভিযোগপত্র দাখিলের আগে দুপুরের দিকে আদালতে হাজির করা হয় অভিযুক্ত সোহেল ও স্বপ্নাকে। সেখানে আদালতের পৃথক গারদখানায় রাখা হয় তাদের। এ সময় বিক্ষুব্ধ জনতা রামিসা হত্যার বিচার চেয়ে স্লোগান দিতে থাকেন।
এদিকে গতকাল সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সরকার রামিসা হত্যার ঘটনায় অনেক আন্তরিকতা দেখিয়েছে। সবকিছু বিবেচনায় আশা করছি, পাঁচ থেকে সাত দিনের মধ্যে এ বিচারকার্য সমাপ্ত হবে। সরকার বিচার নিশ্চিতে বেশি মনোযোগ দিয়েছে।
গত মঙ্গলবার রাজধানীর পল্লবীতে প্রতিবেশী সোহেল রানা কর্তৃক ধর্ষণ ও হত্যার শিকার হয় শিশু রামিসা। এ ঘটনায় নিহতের বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নাকে আসামি করে মামলা করেন। পুলিশ ঘটনার দিনই দুজনকে গ্রেপ্তার করে। পরদিন অভিযুক্তরা আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচার চেয়ে আন্দোলনে নামেন এলাকাবাসী। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ করে বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দল। এদিকে গতকালও বিভিন্ন এলাকায় রামিসা হত্যার দ্রুত বিচার চেয়ে মানববন্ধন হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর
বরিশাল প্রতিনিধি জানান, গতকাল সকাল ১০টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে খেলাঘর বরিশাল জেলা কমিটির ব্যানারে মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আবৃত্তিশিল্পী ও শিক্ষিকা কাজী সেলিনা, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি শুভঙ্কর চক্রবর্তী, বর্তমান সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শিশির, শব্দাবলী গ্রুপ থিয়েটারের সভাপতি ফারুক হোসেনসহ খেলাঘরের সংগঠক ও সদস্যরা।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের শাহজাদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে গতকাল রবিবার সকাল ১০টার দিকে শাহজাদপুর প্রেস ক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি হয়। সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক ফোরামের আহ্বায়ক মির্জা হুমায়ুন, শাহজাদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিমল কুন্ডু, সাংবাদিক হুমায়ুন পারভেজ সাব্বির, সাংবাদিক লাইফ চৌধুরী, শিক্ষক সাইফুলল্লাহ হাসিম, শিক্ষার্থী হাবিবুর রহমান, রাশেদ হাসান মাহবুবা পারভীন প্রমুখ।
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের বাগাতিপাড়ায় র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলার বিহারকোল বাজারে কিশোরী-কিশোর ও ভূমিহীন সংগঠন, বাগাতিপাড়া শাখার আয়োজনে একটি র্যালি বের হয়ে পরে বাগাতিপাড়া মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভূমিহীন নেত্রী শিখা বেগম, ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি জালাল উদ্দিন, উত্তম কুমার ভৌমিক ও নিজেরা করি সংগঠনের পক্ষে শাহা মিস বিউটি ও জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
