কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসি

আপডেট : ২৬ মে ২০২৬, ০৭:৫৪ এএম

কোরবানির পশুর বর্জ্য সুনির্দিষ্ট ও পরিবেশসম্মত উপায়ে ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ ও সহযোগিতা করতে নাগরিকদের মধ্যে বর্জ্য অপসারণ সামগ্রী বিতরণ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শুক্রবার রাজধানীর এলিফ্যান্ট রোডে এই কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি জানান, ‘নাগরিকদের সচেতন ও সহযোগিতা করতে ডিএসসিসির পক্ষ থেকে এবার ১ লাখ ৪০ হাজার বায়োডিগ্রেডেবল (পচনশীল) ব্যাগ, ৪৬ টন ব্লিচিং পাউডার ও ১,০৫০ লিটার স্যাভলন বিতরণ করা হচ্ছে। নগরবাসীকে আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আপনারা দয়া করে কোরবানির বর্জ্য ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রেখে দেবেন।  ডিএসসিসির কর্মীরা দ্রুততম সময়ে সেগুলো সংগ্রহ করে নেবে।’ ডিএসসিসি প্রশাসক সতর্ক করে আরও বলেন, কোরবানির বর্জ্য কোনোভাবেই ড্রেন বা নর্দমায় ফেলা যাবে না। এতে একদিকে যেমন রোগজীবাণু ছড়াবে, অন্যদিকে বৃষ্টি হলে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি করবে। ঈদের দিন দুপুর ১২টা থেকে বর্জ্য অপসারণের মূল কার্যক্রম শুরু হবে। পরবর্তী ৮ ঘণ্টার মধ্যে প্রথম দিনের কোরবানির বর্জ্য সম্পূর্ণ অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’ এই লক্ষ্য অর্জনে তিনি নগরবাসীর সদিচ্ছা ও সহযোগিতা চাইছেন। অনুষ্ঠানে ‘হৃদয়ে এলিফ্যান্ট রোড সোসাইটি’র কাছে বায়োডিগ্রেডেবল ব্যাগ, ব্লিচিং পাউডার ও স্যাভলন হস্তান্তরের মাধ্যমে এই বিতরণ কর্মসূচির সূচনা করা হয়। নাগরিকরা নিজ নিজ এলাকার ওয়ার্ড অফিস এবং বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান বা পিসিএসপির (চঈঝচ) কাছ থেকে এই বায়োডিগ্রেডেবল ব্যাগ ও ব্লিচিং পাউডার সংগ্রহ করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত