ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৮:১৩ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৫৮ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় ১৭২ জন, বরিশালে ৯৯ জন, চট্টগ্রামে ৭৮ জন, খুলনায় ৪৮ জন, রাজশাহীতে ২৬ জন, ময়মনসিংহে ২৫ জন এবং রংপুরে ১০ জন রয়েছেন। এ সময় সিলেট বিভাগে কোনো নতুন রোগী ভর্তি হননি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা বিভাগে, একজন খুলনা বিভাগে এবং একজন বরিশাল বিভাগে মারা গেছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ১১৮ জন চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ২৫১ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৮৬৯ জন ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৯৩৭ জন। একই সময়ে ডেঙ্গুতে মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত