ভোলায় অভিযান: অবৈধ যাত্রীবাহী দুই ট্রলার জব্দ, আটক ৩

আপডেট : ২৭ মে ২০২৬, ১২:৫০ পিএম

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে ভোলার ইলিশা সংলগ্ন মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে যাত্রী পরিবহনের দায়ে ২টি স্টিল বডি ট্রলার জব্দ ও তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (২৭ মে) সকাল ৭টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে কোস্ট গার্ড স্টেশন ইলিশা ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ড সূত্র জানায়, অভিযান চলাকালে লক্ষ্মীপুর থেকে ইলিশা নৌরুটে স্টিল বডি ট্রলারের মাধ্যমে অবৈধভাবে যাত্রী পারাপারের সময় ২টি ট্রলারসহ তিনজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। 

আটককৃতরা হলেন— ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউসুফ মাঝির ছেলে মো. রাসেল (৩০), লক্ষ্মীপুর সদর উপজেলার রহমনীমোহন এলাকার মাহমুদ হোসেনের ছেলে মো. মহসিন (৩১) এবং একই এলাকার মৃত আবদুল খালেকের ছেলে হারুন অর রশিদ (৪০)।

পরে জব্দকৃত ট্রলার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিআইডব্লিউটিএর কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, নৌপথে নিরাপত্তা নিশ্চিত ও জনগণের কল্যাণে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত