পিরোজপুরের পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে শনিবার দিবাগত রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ১০–১২ সদস্যের একটি ডাকাত দল মাছের আড়তে হামলা চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা লুট করে এবং এক মৎস্য ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যায়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৩টার দিকে চারটি মোটরসাইকেলে করে ডাকাতরা মৎস্য অবতরণ কেন্দ্রে আসে। সে সময় আড়তে আহরিত মাছের নিলাম চলছিল। ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ীদের ওপর হামলা চালায় এবং আতঙ্ক সৃষ্টি করতে চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে পুলিশের একটি স্থায়ী নৌ-টহল ক্যাম্প থাকলেও ডাকাতির সময় কোনো পুলিশি সহায়তা পাওয়া যায়নি।
ডাকাতরা বিভিন্ন আড়তদার ও পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা লুট করে। পাশাপাশি আড়তদার আবুল হোসেন আকনকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে পার্শ্ববর্তী গাজীপুর এলাকার একটি খালের পাশে ফেলে রেখে যায়।
অপহরণের পর ডাকাতরা মৎস্য আড়তের এক শ্রমিকের মোবাইল ফোন ব্যবহার করে আবুল হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে এবং তার জীবননাশের হুমকি দিয়ে কিছু স্বর্ণালংকারও হাতিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় গ্রামবাসী আবুল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি সদর হাসপাতালে ভর্তি ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছে। ভুক্তভোগীরা এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অন্যদিকে, বিএফডিসির পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক কৌশিক আহমেদ জানান, তিনি ছুটিতে থাকায় ঘটনার বিস্তারিত সম্পর্কে অবগত নন।
বাঁশখালীতে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা